চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্যম শিকলবাহা গ্রামে পারিবারিক কলহে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তারা হলেন- ওই গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল নবী (২৪) এবং একই উপজেলার বিল্লাপাড়া এলাকার মোহাম্মদ কাশেমের মেয়ে মিনা আকতার (১৯)। শনিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নবী কাগজের তৈরি প্যাকেট বিক্রি করে সংসার চালাতেন। বিয়ের পর মিনার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার বাবার বিরোধ সৃষ্টি হয়। এরজের ধরে শুক্রবার রাতে স্বামী-স্ত্রী আত্মহত্যা করে। শনিবার সকালে তাদের নয় মাসের ছেলে মো. শাহেদ হোসেন কান্না করতে থাকলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢূকে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসিম উদ্দিন খান ও পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী দুজনে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ইত্তেফাক/ রাজেশ
