সড়কের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ বিভাগের বৃহত্তম বিনোদন পার্ক, রয়েছে দুই-তিনটি বাজার, সড়কটি কাঁচা হলেও এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে তিন গ্রামের মানুষ। বিলে বাঁধ দিয়ে পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কের উপর তিন মাস থাকে কোমর পানি। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বেতবাড়ী গ্রামের মাঝিরঘাট হতে লোহাশহর মোড় সড়কের পাশে গড়ে উঠেছে ময়মনসিংহ বিভাগের বৃহত্তম বেসরকারি বিনোদন পার্ক আলাদিনস।
রয়েছে তারাগনি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, মাঝিরঘাট বাজার, লোহাশহর বাজারসহ দুই-তিনটি বাজার। এ সড়ক দিয়ে বেতবাড়ী, সোয়াইতপুরসহ তিন গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে। সেইসাথে চলাচল করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিনোদন পার্কের শত শত পর্যটক। সড়কের পাশে থাকা বিলে বাঁধ দিয়ে পুকুর নির্মাণ করায় বর্ষাকালে সড়কের দুটি স্থানে তিন মাস থাকে কোমর পানি।
সড়কটি স্থানীয় সরকারের হওয়ার পরও স্থানীয় জনপ্রতিনিধিসহ কোনো কর্তৃপক্ষ পদক্ষেপ না নেয়ায় বিনোদন পার্ক কর্তৃপক্ষ পার্কটি সচল রাখার জন্য সড়কের উপর নির্মাণ করেছে কাঠের সেতু। এ কাঠের সেতুর উপর দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করছে শত শত মানুষ। মানুষের চাপে মাঝে-মধ্যেই ভেঙে যায় সেতুটি। সে সময় যাতায়াতে দুর্ভোগ পোহায় শিক্ষার্থী পর্যটক ও গ্রামের মানুষ।
বিনোদন পার্কের সুপারভাইজার নাজমুল হাসান জানান, ২০ একর জমির উপর ময়মনসিংহ বিভাগের বৃহত্তম এ পার্কে প্রতিদিন আসা-যাওয়া করে তিন-চারশ’ পর্যটক।
বর্ষাকালের তিন মাস সড়কের উপর কোমর পানি থাকায় পার্ক সচল রাখার জন্য সড়কের উপর কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। পর্যটকের ও গ্রামের শিক্ষার্থী ও মানুষের চাপে মাঝে-মধ্যেই ভেঙে যায় এ কাঠের সাঁকো। সড়কটি উঁচু করে পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ সুপারভাইজার।
ইত্তেফাক/নূহু
