গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চত্বরে অবস্থানরত পুলিশ পিকআপ ভ্যানে হেলান দিয়ে ঘুম আসার অপরাধে একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে পুলিশ। আহতের নাম জিন্নুরাইন উল্লাস। তিনি বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
শনিবার দিবাগত রাত ৮ টার দিকে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
জিন্নুরাইন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার গ্রামের আমজাদ আলীর ছেলে।
আহত জিন্নুরাইন অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর নিজ এলাকার বিবাদমান জমি সংক্রান্ত একটি দ্বন্দ্বের সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠকে যোগ দিতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিক মাহমুদ গোলাপের সাথে থানায় আসেন তিনি। কিন্তু সালিশ বৈঠক বসতে দেরি হওয়ায় থানা চত্বরে অবস্থানরত পুলিশের পিকআপ ভ্যানে হেলান দিয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন জিন্নুরাইন। এ সময় পিকআপের চালক কনস্টেবল সাইদুর রহমান এসে এ অবস্থায় দেখে তাকে বকাবকি শুরু করে। তার সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কনস্টেবলটি তাকে তাকে লাঠি দিয়ে মারপিট শুরু করে। পরে থানার আরও তিনজন পুলিশ সদস্য এসে তার সাথে যোগ দেয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, ঘটনার সাথে যেই জড়িত থাক না কেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান বাবলু।
