চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান রবিবার এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বাগদূর্গাপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে সোয়েবুর রহমান (৫৫) ও একই এলাকার সাদোল ইব্রাহিমের ছেলে মজিবুর রহমান (৪০)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ২ মার্চ রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় হতে সোয়েবুর ও মজিবুরকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে র্যাব। ওই দিনই র্যাব-৫ রাজশাহীর নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ২০১৬ সালের ৩০ মে আদগালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
ইত্তেফাক/জামান
