যশোরের বেনাপোল বাজারের নুর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রবিবার সকাল ১০টায় সীমান্ত ব্যাংক লিমিটেডের পঞ্চম শাখার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক ও সীমান্ত ব্যাংক লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার, বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, ব্যবসায়ীবৃন্দ, গ্রাহকবৃন্দ ও ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সীমান্ত ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী প্রডাক্ট ও সার্ভিস, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে জনকল্যাণমুখী ব্যাংকিং সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইত্তেফাক/জামান
