ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের (নর্থ) উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতের নতুন ইউনিটের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, বর্তমান সরকার জনগণের বিদ্যুতের চাহিদা পূরণে কাজ করছে। আমরা ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। বিদ্যুতের চাহিদা পূরণে বিদেশ থেকেও বিদ্যুৎ আনা হচ্ছে। বিদ্যুতের চাহিদা পূরণে আবশ্যই সক্ষম হব ।
এসময় উপস্থিত ছিলেন র্পাবত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আশগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান, জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।
জানা যায়, দেশের বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) ইউনিটের নির্মাণ কাজ ২০১৪ সালের ২এপ্রিল শুরু হয়। এডিবি, আইডিবি, জিওবির আর্থিক ঋণ সহায়তায় ও আশুগঞ্জ পাওয়ার স্টেশনের নিজস্ব তহবিল থেকে মোট ২৫৯০ কোটি টাকা ব্যয়ে ৩৮ মাসের মধ্যে এই ইউনিটের নির্মাণ কাজ শেষ করা হয়।
ইত্তেফাক/ আরকেজি
