আলমগীরের ‘একটি সিনেমার গল্প’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩
 
চিত্রনায়ক ও পরিচালক আলমগীরের নির্দেশনায় শুরু হলো ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের শুটিং। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে বিএফডিসির চার নম্বর ফ্লোরে একটি দৃশ্য ধারণের মধ্য দিয়ে আলমগীর তার নির্দেশিত নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করেন। তবে শুটিং শুরুর আগে চলচ্চিত্রটির শুভযাত্রা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও বরেণ্য অভিনেতা, নির্দেশক সৈয়দ হাসান ইমাম। 
 
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্দেশক ও অভিনেতা আলমগীর, আঁখি আলমগীর, চিত্রনায়ক আরিফিন শুভ , ওপার বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আঁখি আলমগীরের দুই কন্যা স্নেহা ও আরিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলবে বলে জানান আলমগীর। এই চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর নিজেই। 
 
এতে আলমগীরের বিপরীতে অভিনয় করবেন চম্পা। চিত্রগ্রহণে আছেন আসাদুজ্জামান মজনু। রুনা লায়লা বলেন, ‘একটি সিনেমার গল্পর জন্য রইলো শুভকামনা। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই একজন সুরকার হিসেবে আমার অভিষেক হলো। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গেয়েছেন আঁখি আলমগীর। চলচ্চিত্রটির অন্যান্য গানগুলো বেশ চমত্কার। সব মিলিয়ে চমৎকার গল্পের একটি সিনেমা একটি সিনেমার গল্প।’ 
 
ওপার বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণা বলেন, ‘এর আগে আলমগীর স্যারের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করেছি। তিনি অনেক বড়মাপের একজন অভিনেতা। অনেকবছর পর তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছি। আবার তার সঙ্গে একই ফ্রেমে অভিনয়ও করবো। তাই ভীষণ ভালোলাগা কাজ করছে।’ আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হচ্ছে।
 
ইত্তেফাক/আনিসুর