পিসিবির বিলম্বিত সংবর্ধনা নেবেন না ইউনিস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৯
পাকিস্তান ক্রিকেটকে দিয়েছেন প্রায় দেড় যুগ। এরপর অবসর নিয়েছেন গত মে মাসে। আর সেই বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে এখন| ইউনিস খানের ক্ষেত্রে ঘটছে এমনটি। শুধু ইউনিস নয়, দেশটির অবসর নেওয়া আরও দুই ক্রিকেটার মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদির সংবর্ধনাও এক খরচে শেষ করতে চাইছে পিসিবি।
 
এমস সিদ্ধান্তে বোর্ডের এই সিদ্ধান্তে রীতিমতো চটেছেন ইউনিস। জানিয়ে দিয়েছেন অংশ নেবেন না সংবর্ধনা অনুষ্ঠানে। তিনি বলেন, ‘সারা দুনিয়াতে সাবেক অধিনায়ক ও দীর্ঘদিন ধরে খেলা অভিজ্ঞ খেলোয়াড়েরা আনুষ্ঠানিকতার সঙ্গে বিদায় নেন। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড সংবর্ধনার আয়োজন করছে এখন! এই সংবর্ধনার কোনো মানে আমাদের কাছে নেই। সেই মে মাসে অবসর নিয়েছি। এখন এই সংবর্ধনায় অংশ নিয়ে কী লাভ?’ সংবর্ধনায় যোগ দিতে টাকার অফারও দেওয়া হয়েছে। তবে ইউনিস জানিয়েছেন আমি কখনোই টাকার পেছনে ছুটিনি। এই সংবর্ধনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
 
গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে সমাপ্তি টানেন ইউনিস। মাঠেই সেদিন সতীর্থদের সংবর্ধনায় আপ্লুত হন। ১১৮টি টেস্ট ও ২৬৫টি ওয়ানডে ছাড়াও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইউনিস। তিন সংস্করণে তাঁর মোট রান যথাক্রমে ১০ হাজার ৯৯, ৭ হাজার ২৪৯ ও ৪৪২। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৪১; যার ৩৪টি টেস্টে। প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রান।
 
ইত্তেফাক/কেআই