‘অপমানজনক, আমার চরিত্রকে খুবই সাধারণ করা হয়েছে’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৮
 
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। চলচ্চিত্রে একটা দীর্ঘ সময় অনুপস্থিত থাকলেও আবারো হাজির হলেন তিনি। এবারের ঈদে তার 'সোনাবন্ধু' মুক্তি পেয়েছে। যেখানে অন্য এক পপির খোঁজে দর্শকরা হলমুখী হবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন পরিচালক জাহাঙ্গীর আলম সুমন।
 
পপি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন ছোট পর্দার ব্যস্ত অভিনেতা ডি এ তায়েব ও পরীমনি। তপন বসাকের প্রযোজনা ও শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মাণ করা হয়েছে ছবিটি। 
 
সোনাবন্ধু চলচ্চিত্রে নিজের চরিত্র ও অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী পপি বলেন, ‘সোনাবন্ধু চলচ্চিত্রটির গল্প আর চিত্রনাট্য দেখে আমি অভিনয় করতে রাজি হই। ছবির মূল চিত্রনাট্য আমার কাছে এখনও আছে। শুটিং সেভাবেই হয়েছে। কিন্তু মুক্তির কয়েকদিন আগে যখন ছবিটি দেখতে বসি তখন শুটিংয়ের সঙ্গে পর্দার অনেককিছুই মেলাতে পারছিলাম না। মনে হয়েছে, সম্পাদনার সময় আমার চরিত্রের চার ভাগের তিন ভাগই ফেলে দেওয়া হয়েছে। সম্পাদনার টেবিলে অনেক কাটাকুটি করার কারণে আমার চরিত্রের অনেককিছুই বাদ দেওয়া হয়েছে। একজন শিল্পীর জন্য তা খুবই অপমানজনক। আমার চরিত্রকে খুবই সাধারণ করা হয়েছে। পর্দায় যারা ছবিটি দেখবেন তারা আমার চরিত্রটি দেখে হতাশ হবেন। তবুও সিনেমাটির জন্য শুভকামনা রইলো।’
 
ইত্তেফাক/আনিসুর