রোহিঙ্গাদের সহায়তার জন্য বিএনপির উচ্চ পর্যায়ের কমিটি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৫
মিয়ানমারে গণহত্যার মুখে প্রাণ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তার লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করেছে বিএনপি। 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সমন্বয়কারী করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডা. এজেডএম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু।
 
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদেরকে এই তথ্য জানান।
 
রিজভী বলেন, টিমের সদস্যরা আগামী মঙ্গলবার সরেজমিনে কক্সবাজারের উদ্বাস্তু এলাকা পরিদর্শন এবং আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে বিএনপির পক্ষ থেকে সাধ্যমতো ওষুধ ও খাবার বিতরণ করবেন।
 
এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচার কচি-কাঁচা মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন-নিপীড়নের মুখে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সে দেশে চাল আনতে যাওয়ার ঘটনার নিন্দা জানান।
 
তিনি বলেন, এমন পরিস্থিতিতে বর্তমান সরকার মুনাফেকের মতো খাদ্যমন্ত্রীকে সেই মিয়ানমারের কাছে চাল আনতে পাঠানোর মধ্য দিয়ে একটা ম্যাসেজ দিয়ে দিলো। সেটি হলো- তোমরা (মিয়ানমার) রোহিঙ্গাদের ওপর যত পার অত্যাচার-নির্যাতন কর, তাদের হত্যা কর, অঙ্গচ্ছেদ করো- কোনো বিষয় না, আমরা তোমাদের সাথে আছি। এর মধ্য দিয়ে বাংলাদেশের মর্যাদা-ভাবমূর্তি, অহংকারকে পদদলিত করা হয়েছে।
 
সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবি উন নবি খান সোহেল, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি