বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী ছয় মাস অন্তত টেস্ট থেকে দূরে থাকতে চান। চাপ কমাতেই এমনটি ভাবছেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে সাকিব এ কথা বলেন। তবে সীমিত ওভারে খেলা চালিয়ে যেতে চান এই অলরাউন্ডার। কেবল আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে আবেদন করলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
ওই প্রতিবেদনে বলা হয়, বিসিবি সভাপতির বাসায় গত শনিবার এ বিষয়ে দফায় দফায় মিটিং হয়। সাকিব রবিবারই এ বিষয়ে আবেদন করতে পারেন। সোমবার দক্ষিণ আফ্রিকায় আসন্ন সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের দল ঘোষণার কথা রয়েছে। গত বৃহস্পতিবারেই সাকিব এই সময় চেয়ে বিসিবি সভাপতির কাছে আবেদন করেন।
তবে প্রধান নির্বাচক মিহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমি মনে করি সে টেস্ট স্কোয়াডে থাকবে। আমরা তখনই পরিবর্তনের কথা ভাবব যখন তার কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি। সেই পর্যন্ত সবসময়ই মনে করি সে দলে থাকবে।’ সত্যি যদি সাকিব ছয় মাস বিরতিতে যান তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ এবং ডিসেম্বর জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ মিস করবেন তিনি।
ইত্তেফাক/কেআই
