টঙ্গীবাড়িতে ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫০
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কান্দিপাড়ায় দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন শাহ আলম খান (৫৫) ও আলী হোসেন শেখ (৫০)। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  
 
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বাড়ির উঠানে এসে দুবৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহ আলম খানকে মৃত ঘোষণা করে। গুরুতর অবস্থায় আলী হোসেন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 
 
শাহ আলমের ভাই আক্তার খান বলেন, তার ভাই ও পাশের বাড়ির আলী হোসেন শেখকে বাড়ির উঠানে পাশের বাড়ির নাসির মোল্লা, রাসেল মোল্লা ও সোহেল মোল্লা কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে বাড়ির লোকজন বাইরে আসলে ওই তিনজন পালিয়ে যায়।
 
টঙ্গীবাড়ি থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, একই বংশের নাসির মোল্লা গংদের সঙ্গে শাহ আলমদের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিবাদ ছিল। এ ঘটনায় শাহ আলম খানের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যা মামলার এজাহারভুক্ত চারজনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন- ফজল খাঁ (৫৫), তানিয়া আক্তার স্বর্ণা (২৭), নাদিয়া আক্তার (২৫) ও নয়ন তারা (৫৫) এবং অজ্ঞাতানামা তালিকার আয়শা বেগম (১৮)।
 
 
ইত্তেফাক/ইউবি