বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের এ লক্ষ্যের কথা জানান তামিম। চট্টগ্রাম টেস্টের পর ক্রিকইনফোর সাংবাদিক অ্যাডাম কলিন্স এই সাক্ষাতকার নেন। সেই সাক্ষাতকারের ভিডিও রবিবার ওয়েবসাইটে দেওয়া হয়।
অস্ট্রেলিয়াকে ঢাকা টেস্টে ২০ রানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে তামিম দুই ইনিংসে যথাক্রমে ৭৮ ও ৭১ রান করেন। তবে চট্টগ্রামে হেরে যাওয়া ম্যাচে তামিম খুব বেশি সুবিধা করতে পারেননি। অন্তত একটি সেঞ্চুরি করতে পারলে খুশি হতেন বলে জানান তিনি। তবে অস্ট্রেলিয়াকে হারাতে পারাটাকে বিরাট অর্জন উল্লেখ করে বলেন, যে কোনো স্থানেই অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো খুব সহজ নয়।
নিজের খেলা সম্পর্কে তামিম বলেন, গত দেড় বছরে বেশকিছু রান করেছি। এ সময়ে আমার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। আমি মনে করি অনুশীলনটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ম্যাচে খেলাটাকে সহজভাবে নেওয়ার চেষ্টা করছি এবং খেলায় মনযোগ দেওয়ার চেষ্টা করছি।
নিজেকে কোন পর্যায়ে নিতে চান সেকথাও উল্লেখ করেছেন তামিম। তিনি বলেন, শেষ দুই বছর দুর্দান্ত কেটেছে। সামনে অনেক ম্যাচ আছে। আগামী বছরগুলোতে আমি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে যেতে চাই, এটাই আমার লক্ষ্য। এজন্য প্রাথমিকভাবে সেরা দশে জায়গা করে নিতে চাই।
ইত্তেফাক/কেআই
