লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৪
নাটোরের লালপুরে সোমবার সকালে বজ্রপাতের ঘটনায় উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আজবার আলী (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজবার আলী বালিতিতা ইসলামপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে। অপরদিকে কচুয়া ও মোমিনপুর গ্রামে গৃহবধূ সাবিনা খাতুন (৩০) ও সাঈফ (২) নামে এক শিশু আহত হয়। আহতদের লালপুর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুষল ধারে বৃষ্টির সময় আজবার আলী তার বাড়িতে গৃহস্থালীর কাজ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে প্রায় একই সময়ে উপজেলার কচুয়া ও মোমিনপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটলে যথাক্রমে সেলিম উদ্দিনের স্ত্রী সাবিনা খাতুন ও আশিক মাহমুদের ছেলে সাঈফ (২) আহত হয়। 
 
ইত্তেফাক/এমআই