শিশু তোফা-তহুরা এক মাস ১০ দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়িতে ফিরেছে। এর আগে জোড়া লাগা তোফা-তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে আলাদা করা হয়।
IMG0
জানা যায়, ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে বাবা রাজু মিয়া, মা শাহিদা বেগম ও নানা শহিদুল ইসলামের কোলে তোফা-তহুরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঁশদহ গ্রামের নানার বাড়িতে ফিরে।
তাদের বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য সোমবার সকাল থেকে ভিড় জমাতে থাকেন প্রতিবেশীরা। অনেকে আবার তাদেরকে কোলেও তুলে নেন।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া সোমবার বিকেলে কাঁশদহ গ্রামে গিয়ে তোফা-তহুরার খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক তাদের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
IMG1
তোফা-তহুরার মা শাহিদা বেগম জানান, হাসপাতালে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে তারা রাতে বাড়িতে ফিরেছেন। বাড়ি ফেরার পর তোফা-তহুরা ভালো আছে।
তিনি আরো জানান, হাসপাতালের এসি রুমে ছিল তোফা-তহুরা। তাই বাড়ি আসার পর এই পরিবেশে তাদের শরীরে একটু বেশি গরম অনুভব হওয়ায় মাঝে মাঝে কান্না করছে। তবে বাড়িতে প্রকৃতির আলো বাতাস পেয়ে তারা আগের চেয়ে বেশি নড়াচড়া এবং তাদের দুইজনের মধ্যে চঞ্চলতা ও উৎফুল্লতা বেশি দেখা যাচ্ছে।
ইত্তেফাক/ আরকেজি
