ফ্লোরিডায় ইরমায় প্রবল বৃষ্টিপাত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪১

যুক্তরাষ্ট্রে হারিকেন ইরমার তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডা রাজ্যে ব্যাপক উদ্ধারাভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার রাতভর ফ্লোরিডায় তাণ্ডব চালায় ইরমা। গতকাল সোমবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে উদ্ধার তত্পরতা শুরু হয়। ইরমার শক্তি কমে গেছে। তবে বৃষ্টিপাত হচ্ছে। কয়েকটি এলাকায় বন্যারও সৃষ্টি হয়েছে। বিদ্যুত্হীন হয়ে পড়েছেন ৫৭ লাখ মানুষ। কিছু এলাকায় জুতা ও ইলেক্ট্রনিক্সের দোকানে লুটপাটের খবর পাওয়া গেছে। খবর সিএনএন ও ভয়েস অব আমেরিকার

ফ্লোরিডা কিস দ্বীপপুঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। প্রায় ১০ হাজার লোক খাদ্য ও পানি সংকটে পড়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা বলেছেন, সেখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হারিকেন ইরমার আঘাতে এ পর্যন্ত কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও কিউবার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর রবিবার ফ্লোরিডায় ‘ক্যাটাগরি ৪’ তীব্রতায় আঘাত হানে ইরমা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। মিয়ামির ৮০ শতাংশ বাড়িতে বিদ্যুত্ নেই। বিশাল অঞ্চল প্লাবিত হয়েছে। ফ্লোরিডাবাসীর জনজীবনে ব্যাপক দুর্যোগ নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড় আর্মা অনেকটা দুর্বল হয়েছে এবং সেটি ফ্লোরিডা রাজ্যের উত্তরাঞ্চলের প্রান্তে এবং জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছেন, ইরমার কারণে আমেরিকার দক্ষিণপুর্বাঞ্চলের তীরবর্তী এলাকায় জীবন বিপন্নকারী ঢেউ আর স্রোতের তীব্রতা এখনো প্রচন্ড ক্ষতি করতে পারে। এছাড়াও জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয় ফ্লোরিডা, জর্জিয়া রাজ্যের দক্ষিণপুর্বাঞ্চল এবং সাউথ ক্যারোলাইনা রাজ্যে সোমবার রাত অবধি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।

ইত্তেফাক/নূহু