পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভূতিপুকুর সীমান্ত থেকে দুই জন ভুয়া সিআইডি অফিসারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবি'র ভূতিপুকুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন- সিলেট জেলার কানাইহাট উপজেলার মালিগ্রাম এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (২৮) এবং একই উপজেলার নখাই গ্রামের মকবুল হোসেনের ছেলে শামীম আহমেদ (২৯)।
বিজিবি জানায়, সোমবার দুপুরে ভূতিপুকুর সীমান্তের ৭৩৮ নম্বর মেইন পিলারের এক নম্বর সাব পিলার এলাকায় আবুল কালাম সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এ সময় ভূতিপুকুর বিওপি ক্যাম্প কমান্ডার সিকান্দার আলীর নেতৃত্বে টহলরত একদল বিজিবি সদস্য তাকে চ্যালেঞ্জ করলে আবুল কালাম নিজেকে সিআইডির অফিসার বলে পরিচয় দেয়। কিন্তু তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে। এরপর তার দেয়া তথ্য মতে সন্ধ্যায় বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে শামীম আহমেদ নামে তার এক সহযোগীকে আটক করে বিজিবি। পরে তাদের তেতুলিয়া থানায় সোপর্দ করা করে বিজিবি।
আটককৃতদের বিরুদ্ধে সিলেটের কানাইহাট থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান তেঁতুলিয়ার থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সবুর। তাদের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় একটি প্রতারণার মামলা হচ্ছে বলে জানান তিনি।
ইত্তেফাক/জামান
