লোহাগাড়ায় দুই দিনে ৩২ রোহিঙ্গা আটক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৪
 
চট্টগ্রামের লোহাগাড়ায় গত দুই দিনে নারী ও শিশুসহ ৩২জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার একই পরিবারের পাঁচজনসহ ২১জন ও মঙ্গলবার দুপর নাগাদ ১১জন রোহিঙ্গাকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
 
সোমবার রাতেই ২১জনকে উখিয়া কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে এবং মঙ্গলবারে আটককৃতদেরকে শীঘ্রই টেকনাফ ক্যাম্পে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।
 
জানা যায়, আটককৃত রোহিঙ্গারা আমিরাবাদসহ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে।
 
আটককৃত রোহিঙ্গারা জানান, মংডু, তমব্র, বলিপাড়া ও ভূচিদং এলাকাসহ রাখাইন রাজ্যের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর মিয়ানমার পুলিশ ও সেনাবাহিনী নির্যাতন করেছে এবং বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। বাঁচার তাগিদে দীর্ঘপথ অতিক্রম করে তারা লোহাগাড়া উপজেলায় চলে আসে।
 
এদিকে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান পিপিএম এলাকায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান