অস্ট্রেলিয়ায় বন্য ক্যাঙ্গারুর সংখ্যা স্বাভাবিক মাত্রার চেয়ে বহুগুণ বেড়ে যাওয়ায়, বেশি করে এর মাংস খাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির জমির মালিক ও পরিবেশবিদরা। তারা বলছেন, অতিরিক্ত বৃষ্টিপাতে প্রচুর খাদ্য উৎপাদিত হওয়ায় সেখানে উল্লেখযোগ্য হারে ক্যাঙ্গারুর বংশবৃদ্ধি হয়েছে। বর্তমানে এর সংখ্যা অস্থিতিশীল পর্যায়ে চলে গেছে।
IMG0
দেশটির সরকারি হিসাব অনুযায়ী ২০১৬ সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল ৪ কোটি ৫০ লক্ষ, যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ। ২০১০ সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল ২ কোটি ৭০ লক্ষ, যা ছয় বছরে অনেক বেড়েছে। তবে শুষ্ক মৌসুমে খরা পরিস্থিতি তৈরি হলে লক্ষ লক্ষ ক্যাঙ্গারু মারা যাবে বলে আশঙ্কা করছেন অনেকে।
IMG1
অস্ট্রেলিয়ায় পশু শিকার নিয়ে কঠোর আইন রয়েছে। পশু শিকারের বিধিনিষেধ নিয়ে প্রত্যেকটি রাজ্যে নিজস্ব আইন ও কোটা রয়েছে। ব্যবসার জন্য লাইসেন্সতো রয়েছেই এবং বাণিজ্যিকভাবে পশু শিকার ও বিক্রির বিষয়টিও কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে যেন স্থিতিশীলতা বজায় থাকে। জবাই করা ক্যাঙ্গারুর চামড়া বিক্রি হলেও এবং এগুলো রপ্তানি করা হলেও, মাংস বেশিরভাগই নষ্ট হয়ে যায়। কারণ এই পশুর মাংসের চাহিদা অনেক কম। আর এর অন্যতম কারণ হলো, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু, আর জাতীয় পশুর মাংস খাওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। বিবিসি।
ইত্তেফাক/সেতু
