ভারতীয় গণমাধ্যমের খবর

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের তত্পরতায় অবস্থান বদলাচ্ছে ভারত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৩
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ণ অব্যাহত রয়েছে। প্রতিদিনই রোহিঙ্গারা প্রাণভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। প্রথমদিকে এই ইস্যুতে ভারত মিয়ানমারের সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মুখে ভারত তাদের অবস্থান সরে আসছে।
 
মঙ্গলবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যমে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে মিয়ানমারকে জোরালোভাবে বলার জন্য ভারতকে আহবান জানিয়েছে বাংলাদেশ।
 
ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেছেন, ভারতের সঙ্গে মিয়ানমারের উষ্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশই বিমসটেকের সদস্য। রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে মিয়ানমারকে জোরালোভাবে বলা উচিত ভারতের।
 
তিনি বলেন, ভয়াবহ বন্যার পর বিরাট সংখ্যক রোহিঙ্গার অনুপ্রবেশ বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। হাইকমিশনার বলেন, মিয়ানমারকে অবশ্যই বাংলাদেশের সঙ্গে কাজ করা উচিত এবং কফি আনান কমিশনের দেয়া প্রস্তাব অনুসরণ করা উচিত।
 
সম্প্রতি মিয়ানমার সফরকালে অং সান সু চির সঙ্গে বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, যখন দেশটি একটি শান্তি প্রক্রিয়ায় আসছে অথবা সমস্যা সমাধানের পথে আছে, তখন আমরা চাই মিয়ানমারের ঐক্য ও সার্বভৌমত্বের জন্য সব পক্ষ একসঙ্গে কাজ করবে। রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান বাংলাদেশের অনুকূলে নয় বলে মনে করেন হাই কমিশনার মোয়াজ্জেম আলী।
 

ইত্তেফাক/এএম।