আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস বাজারে আসছে ২২ সেপ্টেম্বর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৫

অ্যাপল ১২ সেপ্টেম্বর এক প্রেস ইভেন্টের মাধ্যমে আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস বাজারে ছাড়ার ঘোষণা দিলো। অ্যাপল জানিয়েছে তাদের এই দুটি ফোন বাজারে আসবে সেপ্টেম্বরের ২২ তারিখে। প্রি অর্ডার শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে।

প্রেস ইভেন্টে বলা হয় আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস প্রায় আইফোন ৭ ও আইফোন ৭ প্লাসের মতো। তবে আইফোন ৮ ও ৮ প্লাসে থাকছে গ্লাস ব্যাক। আইফোন ৮ এ যথারীতি সিঙ্গেল ক্যামেরা আর ৮ প্লাসে থাকছে ডাবল ক্যামেরা।
IMG0
আইফোন ৮ ও ৮ প্লাসের রং থাকছে রূপালী, ধূসর ও সোনালী যা সোনালী ও গোলাপীর মাঝামাঝি রং। ফোনগুলি হবে পানি ও ধূলা প্রতিরোধী।

এতে থাকছে ‘ট্রু টোন প্রযুক্তি’ সম্বলিত নিউ রেটিনা এইচডি ডিসপ্লে। যা পারিপার্শ্বিক আলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে প্রদর্শনের স্বয়ংক্রিয় ক্ষমতাযুক্ত। আইফোন ৮ এর সাউন্ড সিস্টেমকে ২৫ শতাংশ উন্নত করা হয়েছে। যার বেসকে আরও গভীর করা হয়েছে।

আইফোন ৮ আইফোন ৭ এর চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে। কারণ, আইফোন ৭-এর এ১০ চিপের স্থলে আইফোন ৮-এ থাকছে ৬৪ বিটের এ১১ বায়োনিক চিপ।
IMG1
আইফোন ৮-এর ক্যামেরা সেন্সর এবং প্রসেসর একেবারে ব্র্যান্ড নিউ। যা কম আলোতেও দারুন কাজ করবে। থাকছে নোইস রিডাকশন টেকনোলজি। আইফোন ৮ প্লাসের পেছনে থাকছে দুটি সেন্সর। যাতে অ্যাপারচার থাকছে একটিতে ১.৮ ও অপরটিতে ২.৮। যা আইফোন ৭-এর চেয়ে অবশ্যই অনেক উজ্জ্বল ছবির নিশ্চয়তা দেবে। এছাড়া আইফোন ৮-এ নতুন কালার ফিল্টারও থাকছে।

ভিডিওর ক্ষেত্রেও অসাধারণ কার্যক্ষমতা দেখাবে আইফোন ৮ ও ৮ প্লাস। এটি প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমযুক্ত ৪কে ভিডিও কোয়ালিটি নিশ্চিত করছে। সেই সঙ্গে স্লো-মোশন ভিডিওর জন্য এটি কাজ করবে প্রতি সেকেন্ডে ২৪০ ফ্রেম মুভ করার মাধ্যমে।
IMG2
অ্যাপল বলছে, আইফোন ৮ ও ৮ প্লাসে বাজারে প্রচলিত অন্য অ্যান্ড্রয়েড ফোনের মতো ওয়ারলেস চার্জার ব্যবহার করা যাবে। এমনকি ব্যবহার করা যাবে থার্ড পার্টি ওয়ারলেস চার্জারও।

৬৪ জিবি আইফোন ৮ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯৯ ডলার এবং ৮ প্লাসের মূল্য ধরা হয়েছে ৭৯৯ ডলার।

একই কনফারেন্সে অ্যাপল আইফোন এক্স আনার ঘোষণাও দেয়। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ ডলার। যাতে থাকছে এজ টু এজ ৫.৮ ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে। ফেস আইডি প্রযুক্তিযুক্ত ফোনটিতে থাকছে না কোনো স্টার্ট বাটন।

ইত্তেফাক/নূহু