শরীয়তপুরে ৩ লঞ্চডুবি: নিখোঁজ ১৫ জনের সন্ধান মেলেনি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৮
 
শরীয়তপুরে তিন লঞ্চ ডুবির ৫৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ ১৫ জনের সন্ধান মেলেনি। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সোমবার বিকাল থেকেই পদ্মা পাড়ে এসে নিখোঁজদের লাশ পাওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। শোকার্ত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পদ্মা পাড়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা।
 
উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সোমবার দুপুর থেকে উদ্ধার কাজ শুরু করলেও বুধবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে ওয়াপদা ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে কাচিকাটা ইউনিয়নের চরমোহন এলাকায় এমভি মৌচাক-২ লঞ্চটির সন্ধান পেলেও তীব্র স্রোতের কারণে লঞ্চটিকে এখনো উঠানো যায়নি। ফলে নিখোঁজদের মরদেহ না পেয়ে পদ্মা পাড়ে ভিড় জমানো স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। 
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। পদ্মার প্রবল স্রোত ও বেশি গভীরতার কারণে ডুবুরি দল পানির নিচে গিয়ে অবস্থান করতে পারছে না। বিশেষ করে প্রতি ঘণ্টায় প্রায় ৫ নটিকেল মাইল গতির স্রোতের কারণেই উদ্ধার কাজে সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে স্রোতের গতি ১.৫ নটিকেল মাইল থাকার কথা। উদ্ধার কাজকে আরো গতিশীল করতে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌ-বাহিনী এবং নৌ-পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা আরো প্রযুক্তি সংযুক্ত করছি। যাতে দ্রুত উদ্ধার কাজ সমাপ্ত করা যায়। -বাসস
 
ইত্তেফাক/কেকে