রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না: সেতুমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০দিন পর রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না ও প্রতারণা ছাড়া কিছু নয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিগগিরই মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাই আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার।
 
সেতুমন্ত্রী ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়ুয়া, রেজাউল করিম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।
 
এর আগে মঙ্গলবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাখাইন রাজ্যে সহিংসতায়  ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র জোসেফ ত্রিপুরা এ তথ্য জানিয়েছেন ।
 
ইত্তেফাক/ আরকেজি