রাজধানীর মিরপুরের রূপনগরে ম্যানহোলের ময়লা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজের একদিন পর বুধবার বিকালে অজ্ঞাত (১৭) কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা এলাকার জিতা গার্মেন্টের পাশের একটি ম্যানহোলে নেমে ওই কিশোর নিখোঁজ হন। ড্রেন পরিষ্কার করতে জিতা গার্মেন্ট কর্তৃপক্ষ ৫শ টাকার বিনিময়ে ওই কিশোরকে ম্যানহোলে নামায়। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে ওই গার্মেন্ট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে ফোন করে বিষয়টি জানায়। বিকাল পৌনে ৫টায় উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এরপর তাকে উদ্ধার করা সম্ভব না হলে রাত ১০টায় মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আল আরেফিন অভিযান স্থগিতের ঘোষণা দেন।
বুধবার সকাল ১০টা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে ফায়ার সার্ভিস কর্মীদের অনুমান ভুল প্রমাণ করে সাধারণ জনতা সন্ধান বের করে কিশোরের মরদেহের। ড্রেনের পানি যেদিকে প্রবাহমান তার প্রায় ৫০ ফুট উল্টো দিকে মরদেহের সন্ধান পায় সাধারণ জনতা। এর আগে পানির প্রবাহমানতার দিকে প্রায় ২২ ঘণ্টা খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিস।
ইত্তেফাক/ইউবি
