মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ীও রয়েছে।
বুধবার মেহেরপুর সদরের চকশ্যামনগর গ্রাম থেকে শাহারুল ইসলাম (২৮) তার স্ত্রী রেনু খাতুনকে (২২) ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আলাদা অভিযানে একই দিনে সদর উপজেলার রাজাপুরের বারাকপুর ছত্তুর সড়কের তিন রাস্তার মোড় থেকে মোসাদ আলী(৩২) নামের আরেক মাদক ব্যাবসায়ীকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক েকরা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কোবাদ আলীর ছেলে শাহারুল ইসলাম মাদক ব্যবসায়ী। সে ও তার স্ত্রী রেনু খাতুন শহরের ১নং ওয়ার্ডের নতুনপাড়ায় পটলের বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আর মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মোসাদ আলী সীমান্ত থেকে ফেনসিডিল এনে শহরে বিক্রি করে।
গোয়েন্দা পুলিশের এস আই খাইরুল ইসলাম বলেন, তাদের কাছে তথ্য ছিল যে শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনু খাতুন ফেনসিডিল নিয়ে শহরের দিকে আসছিল। এ সময় গোয়েন্দা পুলিশ সদরের চকশ্যামনগর গ্রাম থেকে তাদের তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে।
গোয়েন্দা পুলিশের আরেকটি পৃথক অভিযানে বুধবার মোসাদ আলিকে ১০ বোতল ফেনসিডিলসহ মেহেরপুর- দারিয়াপুর সড়কের বারাকপুর ছত্তুর সড়কের তিন রাস্তার মোড় থেকে আটক করা হয়।
তাদের তিনজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক নূহু
