খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুত্ অফিসের সামনের রাস্তা দখল করে বালু, ইট ও খোয়া ব্যবসা করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। সড়কটির দু’পাশ জুড়ে রাখা হয়েছে ওই বালু ও ইটের খোয়া। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সামান্য বাতাস হলেই এই বালু উড়তে শুরু করে। রাস্তা দিয়ে চলাচলকারী মোটর সাইকেল, বাইসাইকেল, ভ্যান, যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চালকরা জানান, বাতাস একটু জোরে শুরু হলেই রাস্তার পাশে থাকা বালু উড়ে এসে চালকদের চোখে পড়ে।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে অনেক সময় পড়ে যায় পার্শ্ববর্তী খাদে। এতে ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া যখন ট্রলিতে করে ওই বালু লোড দেয়া হয় তখন রাস্তার অর্ধেক জুড়ে থাকে ট্রলির বডি। এ সময় যাত্রীবাহী বাস আসলে রাস্তায় জায়গা থাকে না। যে কারণে ঘটে যায় দুর্ঘটনা।
স্থানীয় ব্যক্তিরা জানান, ওই অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই তাদের এই কর্মকাণ্ড বন্ধ করছে না। এ বিষয়ে ইতোপূর্বে কয়েকবার সংবাদ প্রকাশিত হলে তারা নড়েচড়ে বসলেও ক’দিন যেতে না যেতেই একই চিত্র দেখা যায়। সরকারি মহাসড়কের রাস্তাসহ রাস্তার ধারের সিএমবির জায়গা দখল করে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার বালু ও ইটের খোয়ার বাণিজ্য। সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঝে-মধ্যে বিষয়টি দেখে গেলেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ইত্তেফাক নূহু
