বানারীপাড়ার রায়েরহাট ব্রিজ যেন মরণফাঁদ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:২৬

স্বরূপকাঠি-বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট ব্রিজের মাঝে তিনটি গভীর গর্ত ও  নিচে একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। বছরের পর বছর বেহাল অবস্থায় থাকলেও ব্রিজটি সংস্কার কিংবা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেই সড়ক ও জনপথ কর্তৃপক্ষের।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ব্রিজের মাঝে সৃষ্ট তিনটি গভীর গর্তের ওপর স্টিলের পাত দিয়ে অস্থায়ীভাবে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে মাত্র। দিনরাত ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী বাস, ঢাকাগামী কোচ ও মালবাহী ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে। ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকবার জরিমানা করার পরেও উপজেলা প্রশাসন ও পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে রায়েরহাট ব্রিজ দিয়ে পাঁচ টনের অধিক কাঠ, রড, সিমেন্ট, চালসহ বিভিন্ন মালামাল নিয়ে ট্রাক চলাচল করছে।

জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়লে বরিশাল এবং ঢাকার সঙ্গে বানারীপাড়া ও স্বরূপকাঠিসহ পার্শ্ববর্তী এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর ফলে স্বরূপকাঠি ও বানারীপাড়াবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে। ব্যবসা ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়বে। ২০০৬ সালের ১৯ ডিসেম্বর রায়েরহাট ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খালে পড়ে গিয়ে এক পথচারীসহ আট যাত্রীর মৃত্যু হয়েছিল। বার বার এ নিয়ে পত্রিকায় লেখার পর ওই দুর্ঘটনার প্রায় ছয় বছর পরে ২০১২ সালে ভাঙা রেলিংটি সংস্কার করা হয়। তবে মূল ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এলাকাবাসী অবিলম্বে ব্রিজটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন।

বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, সরেজমিন দেখে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক নূহু