মিয়ানমারে ১৫ সদস্যের কমিটি গঠন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:২২
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে একটি কমিটি গঠন করেছে মিয়ানমার সরকার। মঙ্গলবার মিয়ানমারের প্রেসিডেন্ট অফিসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 
 
প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, ১৫ সদস্যের এই কমিটি রোহিঙ্গা এলাকার নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষার বিষয়টি দেখবে। কমিটি জাতিগত সংখ্যালঘুদের গ্রামে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতেও কাজ করবে। এছাড়া কমিটি রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টিও বিবেচনা করবে এবং এ বিষয়ে দ্রুত কাজ করবে। 
 
গত মাসে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নেতৃত্বাধীন কমিশন রাখাইন রাজ্যের পরিস্থিতি তদন্ত করে সুপারিশ পেশ করে। গত বছর মিয়ানমারের স্টেট কাউন্সেলর এবং পররাষ্ট্রমন্ত্রী সু চি কফি আনান কমিশন গঠন করেন। কিন্তু কফি আনান কমিশন রিপোর্ট প্রদানের পরপরই একটি সন্ত্রাসী হামলায় মিয়ানমার সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হওয়ার জের ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর অভিযান চালায় সেনাবাহিনী। এতে হত্যা ও নির্যাতনের শিকার হয় অনেকে। নির্যাতন ও মৃত্যুর ভয়ে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 
 
এ নিয়ে মিয়ানমারের সরকারের কঠোর সমালোচনা করছে আন্তর্জাতিক সংগঠনগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল জরুরি বৈঠকে বসেছে। এদিকে আসিয়ান সম্মেলনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি যাতে উত্থাপন করা না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমার। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এপি।
 
ইত্তেফাক/সেতু