৫ নম্বর কর্তন: হাইকোর্টের আদেশ ৩ অক্টোবর পর্যন্ত স্থগিত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩১
 
মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেয়া পরীক্ষার্থীদের পাঁচ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি হবে।
 
আজ বৃহস্পতিবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।
 
এর আগে গতকাল বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
 
গত ২১ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির ৬ নম্বর কলামে বলা হয়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে। অন্যদের কাটা হবে না। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। 
 
রিটে বলা হয়, নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত শিক্ষানীতির পরিপন্থী। আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে