বাগেরাহাটের শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাসের চাপায় সুমাইয়া আক্তার (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় সকাল থেকে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়কের গাজির ব্রিজ সংলগ্ন আলতাফ আকনের বাড়ির সামনে শিক্ষার্থীবাহী একটি মোটর চালিত ভ্যানে বিপরীত দিক থেকে আসা বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমাইয়া মারা যায়।
এ ঘটনা আরো চার শিক্ষার্থী ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। নিহত স্কুল ছাত্রী উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের আ. আউয়াল তালুকদারে মেয়ে। সে ১১০ নম্বর নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
এদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা শরণখোলা-মোরেলগঞ্জ রুটে চলাচলকারী লোকাল পরিবহনের সব বাস বন্ধ করে দিয়েছে। শত শত মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মর্মান্তিক এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়ে বিক্ষোভকারীরা। ঘটনার পরই পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, সুমাইয়ার লাশ হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ময়নাতদন্ত না করার জন্য জেলা প্রশাসক বরাবর অভিভাবকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য মালিক সমিতির নেতাদের সঙ্গে বসার কথা রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) সড়ক অবরোধ চলছে।
ইত্তেফাক/কেকে
