ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরচারতলা গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার চরচারতলা এলাকার কেচকি বাড়ির রেজা মিয়ার ছেলে আব্দুল খালেকের সঙ্গে একই এলাকার লতিব বাড়ির সোরাপ মিয়ার ছেলে সজিব মিয়ার কথাকাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়।
এর জের ধরে দুপুরে লতিব ও কেচকি বাড়ির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংঘর্ষে থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, এসআই মো. ইদ্রিস মিয়া ও ফোকাস বাংলার প্রতিনিধি লোকমান হোসেনসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
ওসি বদরুল আলম তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
