সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৪
 
চরফ্যাশনে  সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠ পট্টি এলাকার হারুন মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
 
তারা হলেন- জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জালু মুন্সির ছেলে আব্বাছ (৩৫) এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মান্নান মিস্ত্রির ছেলে ইউছুফ (২৮)।
 
বাড়ির পাহারাদার মোতালেব মোল্লা জানান, নির্মাণ শ্রমিক ইউছুফ এবং আব্বাছ সকালে ট্যাংকের ঢাকনা খোলেন। পরে বালতিতে রশি বেঁধে জমে থাকা পানি উঠান। এদিকে কাজের ফাঁকে তিনি হোটেলে নাস্তা খেতে যান।
 
ট্যাংকের ভেতরে লোক চিৎকার করছে এমন খবরে তিনি দ্রুত চলে আসেন। তিনি ভেতরে উকি দিয়ে দেখেন তারা ওপর  হয়ে পড়ে আছেন। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে। তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
 
চরফ্যাশন থানার ওসি ম.এনামুল হক জানান, এঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ আরকেজি