নিজের কন্যা সন্তান অ্যালেক্সিস অলিম্পিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস গতকাল বুধবারই ফিরেছেন বাড়িতে। এদিনই প্রথমবারের মতো মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন তিনি। এর মাধ্যমে অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের সোশ্যাল মিডিয়ায় অভিষেক হয়ে গেল ১৩ দিন বয়সেই। সেরেনা প্রথমবারের মতো কন্যাসহ আসলেন জনসম্মুখে।
গত ১ সেপ্টেম্বর জন্ম হয় অলিম্পিয়ার। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সেরেনা ছবি পোস্ট করে লেখেন, ‘দেখ অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রকে।’ এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে প্রেগনেন্সির প্রথম দিন থেকে অলিম্পিয়ার জন্ম হওয়া পর্যন্ত একটি ভিডিওর কোলাজ। গত জানুয়ারিতে সেরেনা যখন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তখন তিনি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। সেটা ছিল তাঁর সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন।
সেরেনা এটাও খোলাসা করেন, অসুস্থতার জন্য তাঁদের ছয় দিন বেশি হাসপাতালে থাকতে হয়েছে। লিখেছেন, ‘বেশ কিছু সমস্যা ছিল আমাদের। কিন্তু শেষে দেখুন আমরা কী পেয়েছি। আমরা কন্যা সন্তান পেয়েছি।’ ইনস্টাগ্রামে ১৪ ঘণ্টায় এই ছবি সাড়ে আট লাখেরও বেশি ‘লাইক’ পেয়েছে। ভিডিও এখনও পর্যন্ত দেখা হয়েছে সাড়ে সাত লাখ বার।
ইত্তেফাক/কেআই
