ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, হজের নামে মানবপাচার বন্ধে হজ এজেন্সিগুলোর প্রতি নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে আরো জানান, ই-হজ সিস্টেম প্রবর্তন হওয়ায় হজের নামে মানবপাচার শূন্যের কোটায় নেমে এসেছে।
সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৭ সালে হজ কার্যক্রমে অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ১ হাজার ১৬২টি, অংশগ্রহণকারী হজ এজেন্সীর সংখ্যা ৬৩৫টি। প্রতি বছর অনুমোদিত হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয় যাতে কেউ কোন দালাল বা অসাধুচক্রের খপ্পরে না পড়েন। অনুমোদিত এজেন্সির মধ্যে যদি কেউ কোন প্রতারণা বা হয়রানির চেষ্টা করে তাহলে কোন সংক্ষুব্ধ ব্যক্তি অভিযোগের পরিপ্রেক্ষিতে অথবা স্ব-উদ্যোগে মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক দলের মাধ্যমে তদন্ত সাপেক্ষে একাধিক প্রকার শাস্তি প্রদান করে থাকে।
ইত্তেফাক/ইউবি
