মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ আজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫২
 
আজ শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী মিয়ানমারের আরকানে মুসলিম নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সফল করার জন্য সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান।
 
এক বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারের সরকার ও বৌদ্ধদের কাছে মানবিকতা বলতে কিছুই নেই। তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাকাণ্ড চালিয়ে মানবাধিকার ভূলুণ্ঠিত করেছে। মানবতার শত্রু মিয়ানমারের জালেম সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে। বার্মার সব পণ্য বর্জন করতে হবে। তাদের সাথে সব কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করতে হবে।
 
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও মানবতার পক্ষে আওয়াজ তোলার দাবি জানিয়ে হেফাজত মহাসচিব বলেন, প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে এবং মুসলিম সংখ্যালঘুদের ওপর নৃশংস গণহত্যা পরিচালনার দায়ে এবং মানবতার বিরোধী অপরাধের কারণে থেইন সেইন সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাড় করানোর উদ্যোগ নিতে হবে।
 
ইত্তেফাক/এমআর