রাখাইনে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে হবে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৮
 
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থীদের বস্তিতে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করলেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এ সময় তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গারা সেদেশের রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার। এরা মজলুম। তাদের (রোহিঙ্গা) রক্ষায় জাতিসংঘের অধীনে মিয়ানমারের আরাকান ও রাখাইন রাজ্যে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন।
 
জাপা চেয়ারম্যান আরো বলেন, কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হোক। রোহিঙ্গাদের সেদেশে নিরাপদ আবাসন, অন্ন,  বস্ত্র, চিকিৎসা সেবাসহ সকল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রদানের আহবান জানান। মিয়ানমারে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আমরাও রোহিঙ্গাদের পাশে আছি। তাদের সাথে সদাচরণ করুন। যে যার অবস্থান থেকে রোহিঙ্গাদের সহায়তা করুন। তিনি উখিয়ার বালুখালী পানবাজারে নতুন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন। এর পূর্বে তিনি কুতুপালং শরণার্থী বস্তি পরিদর্শন করেন।
 
এসময় ত্রাণ প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, জাপা চট্টগ্রাম মহানগর সভাপতি মেহেজাবিন মোরশেদ এমপি, মৌলভী মোঃ ইলিয়াস এমপি, খোরশেদ আরা হক এমপি, সম্মিলিত ইসলামিক জোট নেতা ও ইসলামী ফ্রন্ট-এর সভাপতি এমএ মান্নান, সাধারণ সম্পাদক এমএ মতিন, কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন শিকদার প্রমুখ।
 
ইত্তেফাক/এমআর