নোয়াখালীতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৫
 
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুর জাহান বেগম (৬৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের পাটোয়ারি বাড়ির মৃত সিদ্দিক উল্লার স্ত্রী। শুক্রবার সকালে নিজ বসতঘর থেকে থানা পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে নুর জাহান বেগম তার প্রবাসী বড় ছেলের স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানকে নিয়ে একই ঘরে থাকত। কিছুদিন আগে ছেলের স্ত্রী চট্টগ্রামে বাপের বাড়ি বেড়াতে যাওয়ায় বাড়ির গৃহকর্মীর এক শিশু সন্তানকে সাথে নিয়ে ঘুমাতেন নুর জাহান। শুক্রবার ভোর রাতের দিকে তাকে বিছানায় না দেখে শিশুটি নানী নানী বলে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে রান্না ঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে শিশুটি  চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশে খবর দেয়।
 
তিনি আরো জানান, কে বা কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী দুপুরে ইত্তেফাককে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এমআর