ঘাটাইলে ১৪৪ ধারা জারি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৫
 
টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। 
 
শুকবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হামিদপুর এলাকায় ফৌজদারি কার্যবিধির এ আদেশ জারি করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
 
পুলিশ ও স্থানীয় প্রশাসন কর্তৃক জারি করা আদেশ থেকে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্বরে রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও এমপি রানার মুক্তি ও ফাঁসির দাবীতে পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহ্বান করে আওয়ামী লীগের দুই গ্রুপ। রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও কারাগারে থাকা এমপি রানার মুক্তির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহবান করে তার সমর্থকরা।
 
পাশাপাশি একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও এমপি রানার ফাঁসির  দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহ্বান করে। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এই অবস্থায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে শুকবার দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দিগড় ইউনিয়নের হামিদপুর এলাকায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। হামিদপুর বাসস্ট্যান্ড চত্বর এবং এর আশপাশের  এলাকায় এই আদেশে বলবত থাকার কথা বলা হয়েছে।
 
ইত্তেফাক/জামান