নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদকে কেন্দুয়ায় তার নিজ চেম্বার থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাদা পোশাকের ডিবি পুলিশের একটি টিম ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার।
তবে কেন তাকে ধরেছে তা জানা যায়নি বলে জানান তোফায়েল আহমেদের চাচা নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কালো রংয়ের কাঁচ ও হালকা সাদা রংয়ের একটি মাইক্রোবাসে থেকে ৮/১০ জন ডিবি পুলিশ কেন্দুয়া পৌর শহরের রুপালী ব্যাংকের পাশে এসে নামেন। টিমের চার/পাঁচজন সেখানে থাকা তোফায়েলের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে মাইক্রোবাসে তুলে নেয়।
টিমের বাকি চার/পাঁচজন কান্দিউড়া এলাকায় তোফায়েলের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তোফায়েলের মোবাইল ফোন ও মানিব্যাগ জব্দ করে। আধাঘণ্টার মধ্যে ডিবি পুলিশ কেন্দুয়া থেকে আঠারবাড়ি-ময়মনসিংহ সড়কের দিকে তোফায়েলকে নিয়ে চলে যায়।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, 'ডিবি পুলিশের একটি টিম কেন্দুয়ায় কাজ করছিল। অভিযোগের বিষয়টি আমার জানা নেই।'
ইত্তেফাক/জামান
