হারিকেন ইরমার কারণে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণে বিলম্ব!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৩
হারিকেন ইরমার আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ বিলম্বিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ প্রকল্পের পরিচালক মো. মেজবাহুজ্জামান বুধবার সাংবাদিকদের বলেন, হারিকেনের দরুন বৈরি আবহাওয়ার কারণে ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড এখন অকার্যকর। একারণে সেখান থেকে দক্ষিণ কোরিয়া ও বুলগেরিয়ার দুটি স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ থাকলেও তা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।
 
হারিকেন ইরমা রবিবার ফ্লোরিডায় আঘাত হানে। প্রচণ্ড ঝরের তাণ্ডবে সেখানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝরের কারণে ৩৩ লাখ মানুষ বিদ্যুতের সুবিধাবঞ্চিত হন।
 
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ এর ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আসছে ১৬ ডিসেম্বরে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। কিন্তু সূচিতে গড়বড় হওয়ায় বাংলাদেশর প্রথম উপগ্রহের উৎক্ষেপণ পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মেজবাহুজ্জামান।
 
তিনি বলেন, লঞ্চ প্যাডটি থেকে স্যাটেলাইট উৎক্ষেপণে ‘স্পেসএক্স’ সুবিধা ব্যবহারের জন্য একে পুনরায় চালু হতে কমপক্ষে ২ মাস সময় প্রয়োজন। যেহেতু অন্য দুটি স্যাটেলাইটের উৎক্ষেপণের সূচি পরিবর্তন হয়ে গেছে তাই বাংলাদেশের স্যাটেলাইট পূর্বনির্ধারিত সময় অনুসারে উৎক্ষেপণ করা সম্ভব হবে কিনা সেটা নিশ্চিত নয়।
 
প্রকল্প পরিচালক জানান, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর সিস্টেম রিকোয়ারমেন্ট রিভিউ (এসআরআর) এবং প্রিলিমিনারি ডিজাইন রিভিউ (পিডিআর) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্টেনা তৈরি এবং কমিউনিকেশন ও সার্ভিস মডিউল তৈরির কাজও শেষ। উৎক্ষেপণের প্রস্তুতিতে বিভিন্ন পরীক্ষাও এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান মেজবাহুজ্জামান।
 
IMG0
 
বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের এই কাজ চলছে ফ্রান্সের থালিস এলিনিয়া স্পেস ফ্যাসিলিটিতে। নির্মাণ, পরীক্ষা ও পর্যালোচনা শেষে বিশেষ কার্গো বিমানে করে সেটি লঞ্চ সাইট কেইপ কেনাভেরালে পাঠানোর কথা।
 
২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর প্রায় ২ হাজার কোটি টাকায় ‘স্যাটেলাইট সিস্টেম’ কিনতে থালিসের সঙ্গে চুক্তি করে বিটিআরসি।
 
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে অর্থায়নের জন্য হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) সঙ্গে গতবছর প্রায় এক হাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপনের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি স্থানে কাজ চলছে। এ দুটি জায়গা থেকেই স্যাটেলাইটটিকে নিয়ন্ত্রণ করা হবে। সুর্য্যডটকম।
 
ইত্তেফাক/রেজা