ধারাবাহিক উন্নতিতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের পরবর্তী মিশন অস্ট্রেলিয়া। শনিবার থাইল্যান্ডের চোনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাসেই হবে এই ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলার মাধ্যমে ভাল ফল আদায় করতে চান বাংলাদেশের কিশোরীরা।
প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হয়ে শুরু হয়েছিল বাংলাদেশের কিশোরীদের যাত্রা। তবে দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে তুলনামূলক ভাল খেলে হারের ব্যবধানটা ৩-০ তে নামিয়ে এনেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শেষ ম্যাচে সেই উন্নতির ধারাবাহিকতায় থাকাটাই বাংলাদেশের লক্ষ্য।
IMG0
দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘গতকাল আমাদের মেয়েরা উত্তর কোরিয়ার ম্যাচের চেয়ে ভাল খেলেছে। অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তবে আমাদের মেয়েরা জাপানের বিপক্ষে ভাল পারফর্ম করে দেখিয়েছে। আশা করছি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। দলের সবাই নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য ভাল ফল আদায় করে নিতে প্রস্তুত। দলে কোনো ইনজুরি সমস্যা নেই, সবাই শারিরীক ওমানসিকভাবে এই প্রস্তুত আছে।’
দলের গোলরক্ষক মাহমুদা জাপানের বিপক্ষে নিজের সমীহ আদায় করে নিয়েছেন। এই ম্যাচেও দেশের হয়ে ভাল খেলার আশা করলেন তিনি। মাহমুদা বলেন, ‘কোচ জাপানের বিপক্ষে আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আগামীকাল আরও ভাল খেলে দেশের জন্য একটা ভাল ফল আদায় আনতে চাই। আমাদের দল প্রতি ম্যাচে উন্নতির ধারায় আছে। দোয়া করবেন, যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ভাল একটা ফল পাই।’
ইত্তেফাক/কেআই
