রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে শনিবার কক্সবাজার যাচ্ছে ১৪ দল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫১
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধি শনিবার মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ যাচ্ছেন। 
 
প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবে এবং সেখানে আশ্রয়প্রার্থীদের অবস্থা সরেজমিন পরিদর্শন এবং ত্রাণ প্রদান করবেন। রোহিঙ্গাদের চিকিৎসা সেবা প্রদানে সেখানে যে মেডিকেল টিম কাজ করছে সেটিও পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী।
 
কেন্দ্রীয় ১৪ দলের প্রতিনিধি দলে আরো রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের মাঈনুদ্দিন খান বাদল এমপি, শিরীন আক্তার এমপি, সাম্যবাদী দলের ডা. দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, ন্যাপের মো. ইসমাইল হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি