মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, নির্যাতন ও বিতাড়নের বিরুদ্ধে গতকাল শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে হেফাজতে ইসলাম। বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটের সড়কে বিক্ষোভপূর্ব সমাবেশে হেফাজত নেতারা বলেন, আরাকান স্বাধীন করার মাধ্যমেই কেবল মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব।
সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, বার্মা সরকার গণহত্যা করছে। রাখাইন এলাকায় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নারীদের ধর্ষণ করছে। বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাবো রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। তাদের খাদ্য, চিকিত্সার ব্যবস্থা করেন। রোহিঙ্গাদের আবাস ভূমিতে ফিরিয়ে দিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখুন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি, যুদ্ধের মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিন।
হেফাজতের ঢাকা মহানগরীর সহ-সভাপতি জোনায়েদ আল হাবীব বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হচ্ছে তা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এদেশের প্রতিটি মানুষ তাদের জন্য কাঁদছে। হেফাজত ঢাকা মহানগরীর সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, বাংলার মানুষ আরাকানের স্বাধীনতা চায়। এদিকে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে হেফাজত ছাড়াও বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেছে খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্য আন্দোলন। এসময় মিয়ানমারের পতাকা ও দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির প্রতীকী কফিনে আগুন দেয় বাংলাদেশ খেলাফত আন্দোলন।
চট্টগ্রামে বিক্ষোভ
চট্টগ্রাম অফিস জানায়, মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার বাদজুমা নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, আবদুর রহমান চৌধুরী, কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা মিয়া মোহাম্মদ শরীফ, প্রফেসর মুসা কলিমুল্লাহ, মাওলানা হাফেজ ফায়সাল প্রমুখ।
এদিকে নির্যাতনের প্রতিবাদে নগরীর দামপাড়া ওয়াসা চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ জম্ইয়াতে হিযবুল্লাহ, চট্টগ্রাম জেলা শাখা। জেলা সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম এতে সভাপতিত্ব করেন।
ইত্তেফাক/আনিসুর
