প্রথমবার তারা একসঙ্গে গাইলেন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:১০
 
বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী এবারই প্রথম একসঙ্গে চলচ্চিত্রে গান গাইলেন সরকারি অনুদানের চলচ্চিত্রে। বদরুল আনাম সৌদের নির্দেশনায় ‘গহীন বালুচর’ চলচ্চিত্রে ইমন সাহার সুর-সংগীতে ‘ভালোবাসার বুক ভাসাইয়া’ গানে কণ্ঠ দিয়েছেন।
 
গানটির কথা লিখেছেন বদরুল আনাম সৌদ নিজেই। গানটি চলচ্চিত্রের নায়ক তানভীর ও নায়িকা মুনের লিপে দর্শক দেখতে পাবে। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘গানের কথা অসাধারণ। ইমন সাহা নিঃসন্দেহে অসাধারণ সুর করেছেন। গানটির কথা বিশেষভাবে বলতে গেলে বলতে হয় যে, যখন গানটির রেকর্ডিংয়ের জন্য ভয়েস দিচ্ছিলাম, তখন কেন জানি গানটি গাইতেই ভালো লাগছিল আমার। গানটিতে আমাদের নিজস্ব সংস্কৃতির যেমন ছোঁয়া আছে, ঠিক তেমনি ওয়েস্টার্ন ধারাও আছে। সবমিলিয়ে খুব চমত্কার একটি গান হয়েছে। পাশাপাশি মুন্নীও অদ্ভুত সুন্দর গেয়েছেন। তবে আমি মনে করি মুন্নীর প্লেব্যাকে আরও অনেক ভালো ভালো গান থাকা উচিত ছিল। তাকে দিয়ে আমরা আরও অনেক ভালো ভালো গান করিয়ে নিতে পারতাম। আমাদের প্রথম প্লেব্যাক নিয়ে আমি দারুণভাবে আশাবাদী।’ 
 
দিনাত জাহান মুন্নী বলেন, ‘চলচ্চিত্রের গানে যদি আমার দুটি ভালো গান থাকে, তবে এই গানটি হতে যাচ্ছে আরেকটি ভালো গান। আমি কৃতজ্ঞ সুবর্ণা মুস্তাফা আপার কাছে যে গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য তিনিই আমাকে নির্বাচিত করেছেন। পাশাপাশি সৌদ ভাই এবং ইমন সাহার অভিব্যক্তি এমন ছিল যে, গানটির জন্য আমাকেই প্রয়োজন ছিল। সব মিলিয়ে এই গানটি আমার বহুদিনের তৃষ্ণা মেটানো গান হতে যাচ্ছে। বাপ্পা দা’র সঙ্গে আমার প্লেব্যাক জীবনের অন্যতম একটি গানও এটি। সব মিলিয়ে এত চমত্কার একটি গান হয়েছে যে আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।’ 
 
উল্লেখ্য, ‘গহীন বালুচর’ মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। প্লেব্যাকে মুন্নী প্রথম কণ্ঠ দেন কবির বকুলের কথায় ও শওকত আলী ইমনের সুরে ‘জননেতা’ চলচ্চিত্রে। এরপর থেকে আজ পর্যন্ত ২৫০টির বেশি গান করেছেন তিনি চলচ্চিত্রে। অন্যদিকে বাপ্পা মজমুদার প্রথম প্লেব্যাক করেন চাষী নজরুল ইসলামের ‘সুভা’ চলচ্চিত্রে। 
 
ইত্তেফাক/আনিসুর