ভারতের রাজস্থানে এক মুসলমান দুধ ব্যবসায়ীকে গণপিটুনিতে মেরে ফেলার ঘটনায় মূল ৬ অভিযুক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ। পেহলু খান নামের ওই দুধ ব্যবসায়ী রাজস্থান থেকে গরু কিনে হরিয়ানায় নিজের বাড়িতে ফেরার পথেই আক্রান্ত হন গত এপ্রিল মাসে। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি যে ৬ জনের নাম জানিয়েছিলেন, পুলিশ জানিয়েছে যে তদন্তে তারা দেখেছে অভিযুক্তরা ঘটনাস্থলে ছিলই না।
জানা গেছে, এই ৬ জনের মধ্যে তিনজন হিন্দুত্ববাদী একটি সংগঠনের সঙ্গে যুক্ত। পুলিশ ছাড় দেওয়ার পর পেহলু খানের পরিবার এখন আদালতে যাওয়ার কথা ভাবছে। এ নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
IMG0
রাজস্থানের আলোয়ার জেলার পুলিশ বলছে, গত এপ্রিল মাসে পহেলু খানকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তারা জেলা পর্যায়ে তদন্তের পরে ক্রাইম ব্রাঞ্চকে দিয়েও তদন্ত করিয়েছে। সেই তদন্তের শেষে গ্রেপ্তার হওয়া ৭ জনের সঙ্গেই আরো ২ জনের নাম জোড়া হয়েছে। কিন্তু অন্য ৬ জন-যাদের নামেও অভিযোগ ছিল, তাদের এই ঘটনায় যোগ পাওয়া যায়নি। তারা নাকি ঘটনাস্থলেই ছিলেন না, চার কিলোমিটার দূরের একটি গোশালায় ছিলেন, এমনটাই তদন্তে উঠে এসেছে বলে পুলিশ বলছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
