বিরামপুর পৌর এলাকার হাবিবপুরে দুই শিশুকে অপহরণকালে দুইজনকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ অপহরণকারী ও উদ্ধারকৃত দুই শিশুকে থানা হেফাজতে নিয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিরামপুর উপজেলার সীমান্তবর্তী বিনাইল ইউনিয়নের করমপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে লিমন বাবু (১১) ও একই গ্রামের ফসিউদ্দিনের ছেলে মাহফুজ (৯) উপজেলার পূর্ব প্রান্তে বেপারীটোলা হাফেজিয়া মাদ্রাসায় থেকে পড়াশোনা করে আসছিল। শুক্রবার বিকালে দুই শিশু মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। বিরামপুর শহরে এলে অপহরণকারী আ. সবুর (২৫) তাদেরকে ঢাকায় চিড়িয়াখানা দেখতে যাওয়ার প্রলোভন দিয়ে পিছু নেয়। শিশু দুইটি ভয়ে রাতে বিরামপুর রেলস্টেশনে অবস্থান করে।
শনিবার সকালে তারা বাড়ি যাওয়ার পথে আবারো সবুর তাদের অনুসরণ করে। হাবিবপুর বাজারে গিয়ে শিশু দুইটির চিৎকারে স্থানীয় লোকজন সবুরকে আটক করে গণধোলাই দিয়েছেন। খবর পেয়ে থানার এসআই মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে সবুর ও দুই শিশুকে থানা হেফাজতে নিয়েছে।
আটক সবুর জানান, তার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পারইল গ্রামে। তিনি ঢাকা মানিকগঞ্জের মার্কাস মসজিদের মোয়াজ্জিন।
থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে
