সিরিয়ায় সামরিক পুলিশ পাঠাবে রাশিয়া, তুরস্ক ও ইরান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৪
সিরিয়ার ইদলিব প্রদেশের অসামরিকীকরণ জোনে ৫শ’ করে সামরিক পুলিশ মোতায়েনে সম্মত হয়েছে রাশিয়া, তুরস্ক ও ইরান। কাজাখস্তানের আস্তানায় বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সিরিয় বিষয়ক সর্বশেষ বৈঠকে অংশ নিয়ে দেশগুলো এ বিষয়ে সম্মত হয়। 
 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার লেভরেনটিয়েভ বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এসব সামরিক পুলিশ মোতায়েন করা হবে। তারা এসব অঞ্চলের স্থিতিশীলতা ও উস্কানি বন্ধে কাজ করবে।’ গত ৪ মে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় রাশিয়া, তুরস্ক ও ইরান শুক্রবার সিরিয়ায় এই অসামরিকীকরণ জোন গঠনের ঘোষণা দেয়। তবে এসব দেশের প্রতিনিধি এই অসামরিকীকরণ জোন গঠনকে অস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, প্রাথমিকভাবে এর মেয়াদকাল হবে ছয় মাস। তবে স্মারকে স্বাক্ষরকারী দেশের সর্বসম্মতিতে এর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়তে পারে।
IMG0
রাশিয়া, তুরস্ক ও ইরানের সমর্থনে আস্তানায় সিরিয়া বিষয়ে ষষ্ঠ দফার এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সিরিয় সরকার ও বিরোধী প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ কিছু সশস্ত্র গ্রুপ অংশ নেয়। এসব সশস্ত্র গ্রুপ আগে কখনো কোনো আলোচনায় অংশ নেয়ার অনুমতি পায়নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু