ঝালকাঠিতে যৌন নিপীড়ন মামলায় এক প্রধানশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের গৌরনদী উপজেলার পালরদী গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার চানবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরমহল ওয়ার্ড বিএনপির সভাপতি।
ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, শহিদুল সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়াতেন । পড়ানোর সুযোগে প্রায়ই তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করতেন। গত ১৮ আগস্ট সকালে ওই ছাত্রীকে তিনি ধর্ষণের চেষ্টা করেন।
এঘটনায় ওই ছাত্রীর বাবা গত ৮ সেপ্টেম্বর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে ১৩ সেপ্টেম্বর শহিদুলের নামে মামলা রেকর্ড করে।
মামলা হওয়ার পর তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সরোয়ার হোসেন শনিবার সকালে অভিযান চালিয়ে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ই্ত্তেফাক/ আরকেজি
