যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই ছাত্রলীগ : জাকির হোসাইন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৩
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘শুধু রোহিঙ্গাদের পাশে দাঁড়ানই নয়, দেশের যেখানেই মানবিক বিপর্যয় ঘটবে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ছাত্রলীগ। পড়াশুনার পাশাপাশি ছাত্র-রাজনীতিই ছাত্রলীগের একমাত্র উদ্দেশ্য নয়, সেই রাজনীতি কিভাবে সাধারণ মানুষের তরে কল্যাণকর করে তোলা যায় ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী সেই অনুশীলন করবে। রাজনীতির মূল উদ্দেশ্যই জনকল্যাণ।যা ছাত্রাবস্থা থেকেই চর্চা করতে হবে। 
 
শনিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ও হাজী কোরপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই দিনে সিরাজগঞ্জ পৌর, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ সরকারী কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি ম্যাটস শাখা ছাত্রলীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়।
IMG0
তিনি বলেন, ‘প্রতিবেশি দেশ মিয়ানমারে সংঘাত বৃদ্ধি পাওয়ায় লাখ লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অসহায় রাখাইনবাসীকে এদেশে আশ্রয় দিয়ে দক্ষিণ এশিয়াকে বড় ধরণের মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যার জন্য তাঁকে বলা হচ্ছে ‘মাদার অব হিউমিনিটি’। বহির্বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত পাচ্ছে এক মানবিক রাষ্ট্র হিসেবে।
 
এ সময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীকে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের কয়েকজন নেতাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি