জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দ্বিতীয় দিনের খেলায় তিনটি সেঞ্চুরি হয়েছে। ওপেনিং জুটিতে এনামুল হক বিজয় ও রবিউল ইসলাম রবির নৈপুণ্যে খুলনা বিভাগ প্রথম ইনিংসে দুর্দান্ত খেলছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ শনিবার কোনো উইকেট না হারিয়ে ১৮৫ রান করেছে খুলনা। বিজয় ১০৫ রানে অপরাজিত রয়েছেন। আর রবি করেছেন ৬৭ রান। এর আগে নাঈম ইসলামের ১৩৫ রানের সুবাদে রংপুর প্রথম ইনিংসে করে ৪৭১ রান। খুলনা আল-আমিন হোসেন ১০২ রানে নেন চার উইকেট।
IMG0
এদিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রনি তালুকদার ও সাইফ হাসানের জোড়া সেঞ্চুরিতে বরিশাল বিভাগের বিপক্ষে দুর্দান্ত খেলছে ঢাকা বিভাগ। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ দুই উইকেটে ৩০৯ রান। রনি ১২১ রান করে আউট হলেও ১০৬ রানে অপরাজিত আছেন সাইফ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮ উইকেট হাতে রেখে ২২৬ রানের লিড নিয়েছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে মেট্রোর ৩৪৪ রানের জবাবে চট্টগ্রাম অলআউট হয় ১৩০ রানে। মেট্রোর পক্ষে নিহাদ উজ-জামান ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মেট্রো দুই উইকেটে ১২ রান করে।
IMG1
অপরদিকে, রাজশাহীতে লো-স্কোরিং ম্যাচে সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ উভয় দলই ধুকছে। সিলেটের করা ১২৮ রানের জবাবে রাজশাহী অলআউট হয় মাত্র ৭৯ রানে। সিলেটের পক্ষে সায়েম আলম ৩২ রানে নেন ৬টি উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট পাঁচ উইকেট হারিয়ে ৯০ রান নিয়ে দিনশেষ করে।
ইত্তেফাক/কেআই
